রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সয়াবিন না সরিষার তেল: প্রতিদিনের রান্নায় কোনটি সেরা?

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
সয়াবিন না সরিষার তেল: প্রতিদিনের রান্নায় কোনটি সেরা?
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাঙালি রান্নাঘরে ভোজ্য তেল ছাড়া একদিনও কল্পনা করা যায় না। তবে দীর্ঘকাল ধরে সয়াবিন তেলের একচেটিয়া আধিপত্যের পর, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে সরিষার তেলের জনপ্রিয়তা আবার বাড়ছে। স্বাস্থ্য ও পুষ্টিগুণের বৈজ্ঞানিক তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, এই দুই তেলের চর্বি ও পুষ্টির গঠনে রয়েছে উল্লেখযোগ্য ফারাক।
তেলের চর্বি বা ফ্যাটের তুলনামূলক চিত্র
ভোজ্য তেলের গুণাগুণ মূলত নির্ভর করে তাতে থাকা তিন ধরনের ফ্যাটের ওপর—মনো-আনস্যাচুরেটেড ফ্যাট (ভালো চর্বি), পলি-আনস্যাচুরেটেড ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট (ক্ষতিকর চর্বি)।

বৈশিষ্ট্যের তুলনা

সরিষার তেল

সয়াবিন তেল

স্যাচুরেটেড ফ্যাট

প্রায় ১২% (কম ক্ষতিকর)

প্রায় ১৬% (বেশি চর্বি)

মনো-আনস্যাচুরেটেড ফ্যাট

অনেক বেশি (হৃদযন্ত্রের জন্য ভালো)

মাঝারি

প্রস্তুত প্রণালী

ঘানি ভাঙা বা কোল্ড প্রেসড (প্রাকৃতিক)

রিফাইনিং ও কেমিক্যাল প্রসেসিং

স্মোক পয়েন্ট

উচ্চ (২৫০° সেলসিয়াস)

খুব উচ্চ (২৩০°-২৫৭° সেলসিয়াস)

ক্যালরি

প্রতি গ্রামে ৯ ক্যালরি

প্রতি গ্রামে ৯ ক্যালরি

সরিষার তেলের পুষ্টিগুণ ও উপকারিতা
হৃদযন্ত্রের সুরক্ষা: সরিষার তেলে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট কম এবং মনো-আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।
ক্যানসার প্রতিরোধক: পুষ্টিবিদদের মতে, সরিষার তেলে থাকা ‘অ্যালাইল আইসোথায়োসায়ানেট’ নামক যৌগ ক্যানসার কোষের বৃদ্ধি দমনে এবং ফুসফুস, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত: কাঠের ঘানি বা কাচ্চি ঘানি থেকে পাওয়া সরিষার তেল সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়। ফলে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান যুক্ত হয় না।
ভিটামিনের আধিক্য: এতে সয়াবিনের চেয়ে থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন এবং ফোলেটের মতো বি-ভিটামিন বেশি পরিমাণে থাকে।
সয়াবিন তেলের পুষ্টিগুণ ও সীমাবদ্ধতা
ভিটামিন ও ওমেগা-৩: সয়াবিন তেলে রয়েছে পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পর্যাপ্ত ওমেগা-৩ ও ভিটামিন ‘ই’। এটি ত্বক ও চোখের সুরক্ষায় কাজ করে।
উচ্চ স্মোক পয়েন্ট: সয়াবিন তেলের স্মোক পয়েন্ট বেশি হওয়ায় এটি গভীর ভাজাভুজি বা উচ্চ তাপে রান্নার জন্য উপযোগী।
প্রসেসিংয়ের ক্ষতিকর দিক: সয়াবিন তেল বীজ থেকে বের করার পর সেটিকে রিফাইন বা পরিশোধনের জন্য বিভিন্ন কেমিক্যাল প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। উচ্চ তাপে দীর্ঘক্ষণ সয়াবিন তেল গরম করলে এর গুণগত মান দ্রুত নষ্ট হতে পারে।
ওমেগা-৬ এর আধিক্য: সয়াবিন তেলে অতিরিক্ত মাত্রায় ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-৩ এর তুলনায় ওমেগা-৬ অতিরিক্ত গ্রহণ করলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশনের ঝুঁকি বাড়ে।
চূড়ান্ত রায়: স্বাস্থ্যের জন্য কোনটি বেছে নেবেন?
পুষ্টিবিজ্ঞানীদের মতে, ক্যালরির দিক থেকে দুটি তেলই সমান। তবে গুণগত মান ও প্রক্রিয়াজাতকরণের দিক থেকে বিবেচনা করলে খাঁটি ঘানি ভাঙা সরিষার তেলই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ ও বেশি স্বাস্থ্যকর। সয়াবিন তেলের কেমিক্যাল রিফাইনিং পদ্ধতির কারণে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ বা গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়াতে পারে। তবে রান্নায় বৈচিত্র্য আনতে এবং শরীরের প্রয়োজনীয় সব ফ্যাটি অ্যাসিডের ব্যালেন্স ঠিক রাখতে পুষ্টিবিদরা মাঝেমধ্যে তেল বদলে (যেমন—কিছু রান্নায় সরিষা এবং কিছু রান্নায় পরিমিত সয়াবিন) ব্যবহার করার পরামর্শ দেন।

ফরিদপুরে ৬৫ বছর বয়সী জলিল মোল্লা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ফরিদপুরে ৬৫ বছর বয়সী জলিল মোল্লা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ইসমাইল মুন্সির ডাঙ্গী এলাকার জলিল মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জলিল মোল্লার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি চর মাধবদিয়া ইউনিয়নের ইসমাইল মুন্সির ডাঙ্গী এলাকার বাসিন্দা। তাঁর সন্ধান না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৯২৫-৮২৮৬২২
জলিল মোল্লার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বজনরা।

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

ফুলসুতি কমিউনিটি অব ফরিদপুরের উদ্যোগে সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কোট পাড় ‘ ল কেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট’ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন ইমারত হোসেন চৌধুরীর নাতি রাফিদ চৌধুরী।
স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী মহান স্বাধীনতা সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৭১ সালে ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সদালাপী, হাসিমুখে কথা বলা ও বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। ফুলসতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই কৃতি সন্তান আজীবন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও কখনো জামায়াতে নামাজ আদায় করা মিস করতেন না।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে ফুলসুতি কমিউনিটি অব ফরিদপুরের প্রধান উপদেষ্টা বদিউজ্জামান ভাদু বলেন, “ইমারত হোসেন চৌধুরী কেবল একজন দেশপ্রেমিক যোদ্ধাই ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজ পরিবর্তনের একজন কারিগর। তাঁর সততা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”
ফুলসুতি কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক, গবেষক প্রবীণসাংবাদিক প্রধান উপদেষ্টা বদিউজ্জামান চৌধিুরী ভাদু, । এ সময় মফিজ ইমাম মিলন, ,দেলোয়ার হোসেন চৌধুরী সাবু, আ. স. ম. জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটো, , জি. এইচ লাভলু পাটোয়ারী, নিয়াজুল ইসলাম চৌধুরী, রুমন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, চৌধুরী সাজেদুস, মোহাম্মদ লিটু চৌধুরী এবং চৌধুরী মোহাম্মদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ, মাওলানা তৈয়বুর রহমান ।
মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লেখক, সাহিত্যিক ও সাংবাদিক প্রধান উপদেষ্টা বদিউজ্জামান ভাদু, তৈবুর রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী সাবু, আ. স. ম. জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটো, মফিজ ইমাম মিলন, লাভলু পাটোয়ারী জি. এইচ., নিয়াজুল ইসলাম চৌধুরী, রুমন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, চৌধুরী সাজেদুস, মোহাম্মদ লিটু চৌধুরী এবং চৌধুরী মোহাম্মদ হাসান।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ, মাওলানা তৈয়বুর রহমান ।

“ট্রাকের নিচে চাপায় মা-ছেলে নিহত, এর আগে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের” ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
“ট্রাকের নিচে চাপায় মা-ছেলে নিহত, এর আগে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের” ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ

একদিকে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মা ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সভা শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় চারজনের প্রাণহানি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরের একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ঝরে গেল ছয়টি প্রাণ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। একই দিনে পরপর প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর ৭ বছরের ছেলে শাওন। এ ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটির চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। এ সময় সামনে থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় প্রাইভেটকারটির একাংশ দুমড়েমুচড়ে যায়।
অন্যদিকে ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বালু সরিয়ে ইজিবাইক থেকে তিনজনকে এবং ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।
মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গুরুতর আহত পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রথমে তিনজন নিহত হন। পরে আহতদের একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে সাতজনের একটি দল ছিল। তাঁরা ‘ভলেন্টিয়ার বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় অংশ নিতে ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহতদের মধ্যে রাব্বি (২১) নামের একজনের পরিচয় জানা গেছে। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রথমে তিনজন ও শুনেছি পরে আরো একজন ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। এছাড়া প্রায় এক ঘন্টা পরে একই মহাসড়কে কানাইপুর তেতুলতলা নামকস্থানে একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে মা-ছেলে নিহত হয়েছে। দুই ঘটনার নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।