শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুরে রায় প্লাজার মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০–৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে রায় প্লাজার মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০–৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর শহরের রায় প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত Exchange World নামের একটি মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতের যেকোনো সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শোরুমটির পরিচালক মোঃ হামিদুর রহমান রনি জানান, রাতের কোনো একসময় শোরুমে আগুন লাগে। আগুন দ্রুত পুরো শোরুমে ছড়িয়ে পড়লে সেখানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্রসহ প্রায় সব ধরনের মালামাল পুড়ে যায়। এতে প্রতিষ্ঠানের আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. জাকির হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আমরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, শোরুমটি সম্পূর্ণ বন্ধ থাকায় ভেতরে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিল না। ফলে আগুন শোরুমের বাইরে ছড়িয়ে পড়তে পারেনি এবং রায় প্লাজার অন্যান্য দোকান ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে শোরুমের ভেতরে থাকা প্রায় সব মালামাল আগুনে পুড়ে যায়। অক্সিজেনের অভাবে একপর্যায়ে আগুন নিজ থেকেই নিভে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

ফরিদপুরে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন, উন্মোচন হলো ১২ দলের জার্সি

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ফরিদপুরে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন, উন্মোচন হলো ১২ দলের জার্সি

ফরিদপুরে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফরিদপুরের ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির আয়োজনে এবং করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিম গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াহিদ মিয়া কুটি।

ক্রীড়া অনুরাগী মো. সাইফুজ্জামান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মতিউর রহমান শামীম, প্রফেসর ইউসুফ আলী এবং ডা. আলী আকবার বিশ্বাস।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। পরে উদ্বোধনী দিনের দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে ফরিদপুরের ১২টি স্থানীয় দল লিগ পদ্ধতিতে অংশ নিচ্ছে। আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাহবুব হোসেন পিয়াল, মীর রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম লিখন, মাহবুবুর রহমান, চৌধুরী জিয়াউল হাসান, মোহাম্মদ সেলিম, অজিত গুপ্ত হরি, আবুল কাশেম ভোলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।

ফরিদপুরে ভিন্নধর্মী রেস্টুরেন্ট ‘দোসার বাড়ি হাঁসের হাঁড়ির শুভ উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
ফরিদপুরে ভিন্নধর্মী রেস্টুরেন্ট ‘দোসার বাড়ি হাঁসের হাঁড়ির শুভ উদ্বোধন

ফরিদপুরে নতুনত্বের ছোঁয়া ও খাবারের ভিন্নতা নিয়ে যাত্রা শুরু করল সম্পূর্ণ ব্যতিক্রমী রেস্টুরেন্ট ‘দোসার বাড়ি হাঁসের হাঁড়ি’। শহরের গোয়ালচামট হাউজিং সোসাইটির প্রথম গেটে এই রেষ্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে শুক্রবার(৭আগষ্ট) বিকেলে।
ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এর আগে রেস্টুরেন্টের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মুনসুর আহমদ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রেস্টুরেন্টের খাবারের মান ও স্বাদ নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ফরিদপুরে এই প্রথম এ ধরনের ব্যতিক্রমী ও মানসম্মত খাবারের রেস্টুরেন্ট চালু হওয়ায় তারা খুবই আনন্দিত। চমৎকার পরিবেশ এবং ঐতিহ্যবাহী খাবারের এমন আয়োজন ফরিদপুরের খাদ্যরসিকদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাউজিং কমিটির সভাপতি মো: হুমায়ুন কবির, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তরুণ, গার্ডেনার্স এসোসিয়েশনের সভাপতি সাগর নন্দী, মায়ের ছোঁয়া রান্না ঘরের প্রতিষ্টাতা লাকি ইসলাম, চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন মোঃ রুবেল, হলিডে মার্কেটের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তনু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিকী মোল্লা, মধুকণ্যা মৌ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
রেস্টুরেন্টের পরিচালক তানিয়া পারভীন জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে। খাবারের মান, স্বাদের ভিন্নতা এবং অনন্য ডেকোরেশনের মাধ্যমে গ্রাহকদের মাঝে নতুনত্ব আনাই তাদের মূল লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টটির আকর্ষণীয় মেনু কার্ড প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: ইন্ডিয়ান দোসা , চিতই পিঠা , ছিটা রুটি ,কালাই রুটি , পোড়া রুটি, মালাই রুটি,দেশি মুরগির মাংস ও হাঁসের মাংস ,মাশরুম চপ , মাংসের চপ ।সহ আরো আয়োজন ।
এছাড়া মালাই চা, দুধ কফি এবং কাঁচা আমের জুসও থাকছে রেষ্টুরেন্টটিতে।

‘মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক চরভদ্রাসন গড়তে সহযোগিতা চাই’ জুম্মার বয়ানে, ওসি সফর আলী

চরভদ্রাসন প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
‘মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক চরভদ্রাসন গড়তে সহযোগিতা চাই’ জুম্মার বয়ানে, ওসি সফর আলী

ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেন চরভদ্রাসন মডেল মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি আধুনিক চরভদ্রাসন গড়ে তুলতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ওসি সফর আলী বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে অপরাধ অনেকাংশেই কমে আসবে। চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি ও রাহাজানিসহ অধিকাংশ অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। মাদকের অর্থের জোগান দিতেই অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, “আপনার পরিচিত, আত্মীয়-স্বজন কিংবা পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গোপনে পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। আমি জনগণের সেবায় কাজ করতে এসেছি। আপনাদের সহযোগিতা ছাড়া মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়।”
ওসি বলেন, পুলিশের জনবল সীমিত হলেও মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, মসজিদ আল্লাহর ঘর। বিশেষ করে জুমার দিনে সময়মতো মসজিদে এসে নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দর রাখা সম্ভব। তিনি সবাইকে ধর্মীয় কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিও আহ্বান জানান ওসি সফর আলী। বক্তব্যের শেষে তিনি চরভদ্রাসনবাসীর শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।