“ট্রাকের নিচে চাপায় মা-ছেলে নিহত, এর আগে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের” ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ
একদিকে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মা ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সভা শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় চারজনের প্রাণহানি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরের একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ঝরে গেল ছয়টি প্রাণ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। একই দিনে পরপর প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর ৭ বছরের ছেলে শাওন। এ ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটির চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। এ সময় সামনে থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় প্রাইভেটকারটির একাংশ দুমড়েমুচড়ে যায়।
অন্যদিকে ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বালু সরিয়ে ইজিবাইক থেকে তিনজনকে এবং ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।
মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গুরুতর আহত পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রথমে তিনজন নিহত হন। পরে আহতদের একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে সাতজনের একটি দল ছিল। তাঁরা ‘ভলেন্টিয়ার বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় অংশ নিতে ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহতদের মধ্যে রাব্বি (২১) নামের একজনের পরিচয় জানা গেছে। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রথমে তিনজন ও শুনেছি পরে আরো একজন ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। এছাড়া প্রায় এক ঘন্টা পরে একই মহাসড়কে কানাইপুর তেতুলতলা নামকস্থানে একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে মা-ছেলে নিহত হয়েছে। দুই ঘটনার নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





