সাদিপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম নুরু মণ্ডল, সহসভাপতি রানা সরদার, আতাহার ফকির, আদিল উদ্দিন মেম্বার, ইউপি সদস্য মো. বিপুল এবং আলিয়াবাদ ক্রীড়া সংঘের সভাপতি জহুরুল হক ঝন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
উদ্বোধনী ম্যাচে তালমা স্পোর্টিং একাদশ ও ভিলেজ বাংলা ফুটবল একাডেমির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করলে ট্রাইব্রেকারে তালমা স্পোর্টিং একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিলেজ বাংলা ফুটবল একাডেমি।
আয়োজকরা জানান, প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।






