বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

৩৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তরা ডাঃ মোহাম্মদ জাহেদ শুধু একজন আলোকিত চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি, যিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৩৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তরা ডাঃ মোহাম্মদ জাহেদ শুধু একজন আলোকিত চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি, যিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের বরেণ্য চিকিৎসক,দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা শিশু চিকিৎসা কেন্দ্র ডাঃ জাহেদ মেমোরিয়াল শিুশু হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের আয়োজনে হাসপাতালের দ্বিতীয় তলায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক এম.এ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর এ.বি.এম. সাত্তার, প্রফেসর মোঃ শাহজাহান, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ডাক্তার এম এ জলিল
এ সময় মো. হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ মুরাদ মিয়া, মনির হোসেন মনির, শামসুল বারী শানু, খন্দকার মফিজুর রহমান জামাল, ডা: মোঃ নজরুল ইসলাম, সৈয়দ নাজমুল হোসেন লোচন, নাসির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ফুয়াদ এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম ডাঃ মোহাম্মদ জাহেদের কর্মময় জীবন ও শিশুদের চিকিৎসা সেবায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ডাঃ মোহাম্মদ জাহেদ শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি ও মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চিকিৎসাকে তিনি কখনো শুধু পেশা হিসেবে দেখেননি; বরং অসহায় মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন।


বক্তারা বলেন, তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ। তাঁর হৃদয় ছিল অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য সবসময় উন্মুক্ত। অর্থের অভাবে কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন—এ বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। দরিদ্র ও অসহায় রোগীদের কাছে তিনি ছিলেন একজন চিকিৎসক, অভিভাবক ও পরম বন্ধুর মতো।
তাঁরা আরও বলেন, মানবিকতা, দয়া, সহমর্মিতা ও পরোপকার ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর স্বভাব। তাঁর হাতে চিকিৎসাসেবা পেয়েছেন অসংখ্য মানুষ; আবার তাঁর মানবিক আচরণ ও সহানুভূতিতে আশ্বস্ত হয়েছেন আরও অসংখ্য রোগী ও স্বজন।
বক্তারা বলেন, ডাঃ মোহাম্মদ জাহেদ তাঁর কর্ম ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, তা কখনো মুছে যাওয়ার নয়। তিনি নেই, কিন্তু তাঁর প্রতিষ্ঠিত ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং মানুষের সেবায় তাঁর রেখে যাওয়া আদর্শ আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম তাঁর মানবসেবার দৃষ্টান্ত অনুসরণ করবে—এটাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
পরে মরহুম ডাঃ মোহাম্মদ জাহেদ এবং হাসপাতালের প্রয়াত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিয়া মোঃ জাহিদ হাসান। মোনাজাতে মরহুমদের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এর আগে গতকাল বুধবার বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় কোরআন পাকের খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্টিত হয়। সকাল ৭টায় আলীপুর গোরস্থানে মরহুম ডাঃ মোহাম্মদ জাহেদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।দুপুরে ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি থাকা দুস্থ ও অসহায় রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের গুহলক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা
অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ৫ দিনের এবং অপর দুজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাসেল কবীর

মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজের আঙ্গিনাকে ফুলের সুবাস ও সৌন্দর্যে মুখরিত করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক সাবেরা খানের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই মূলত এই ভিন্নধর্মী উদ্যোগ।
কর্মসূচি চলাকালে অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আবু রাহাত খান (সিরাজ) উপস্থিত থেকে ফুলের চারা রোপণ করে এই কল্যাণকর কাজের শুভ সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেন প্রভাষক সাবেরা খান।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চমৎকার এই উদ্যোগের ফলে কলেজের পরিবেশ যেমন মনোরম হবে, তেমনি শিক্ষার্থীরাও প্রকৃতির প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চরভদ্রাসন প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু বিদ্যালয় নয়, পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
তারা আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।