নগরকান্দায় ট্রাকভর্তি পাট ঘিরে চাঞ্চল্য, সন্দেহে ৪ জনকে আটক
ফরিদপুরের নগরকান্দায় রহস্যজনকভাবে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ পাট নামানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাটের চালানটি চোরাই হতে পারে—এমন সন্দেহে স্থানীয়দের খবরের পর পুলিশ চারজনকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে সন্ধ্যার পর একটি ট্রাকে করে বিপুল পরিমাণ পাট আনা হয়। পরে স্থানীয় কয়েকজন শ্রমিকের মাধ্যমে ট্রাক থেকে পাট নামিয়ে একটি পরিত্যক্ত ভবনে মজুদ করা হচ্ছিল বলে স্থানীয়রা জানান।
অসময়ে পরিত্যক্ত ভবনে পাট মজুদের বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তারা পাটের বৈধ কাগজপত্র ও চালান দেখতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা কয়েকজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরিস্থিতি দেখে ট্রাকচালক ট্রাক নিয়ে চলে গেলেও ট্রাকে থাকা কয়েকজনকে স্থানীয়রা আটক করে রাখেন বলে জানা গেছে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তদন্তের স্বার্থে চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পাটের প্রকৃত মালিকানা, পরিবহনের উৎস এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। উদ্ধারকৃত পাট চোরাই কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।







