শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর পৈতৃক বাসভবন ‘কামরাঙ্গা’য় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার বৈদ্যুতিক তার, গ্যারেজের তার এবং দুটি স্প্লিট এসির ভেতরের তামার তার কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন গুণী এই শিল্পী।

জানা গেছে, পেশাগত কারণে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করলেও মাসে এক-দুইবার ফরিদপুরের পৈতৃক বাড়িতে আসেন ফজলুর রহমান বাবু। গত সোমবার রাতে ঢাকায় অবস্থানরত এই অভিনেতা নিজ বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাড়িতে ফিরে তিনি দেখতে পান, চোরেরা পুরো বাসার বৈদ্যুতিক লাইন ও গ্যারেজের তার কেটে নিয়ে গেছে। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাসার ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

পরে ছাদে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা দুটি স্প্লিট এসির বিভিন্ন অংশ নষ্ট করে ভেতরের তামার তার কেটে নিয়ে গেছে।

ফজলুর রহমান বাবু জানান, প্রায় ছয়-সাত মাস আগেও একইভাবে তাঁর বাসার বৈদ্যুতিক তার কেটে নিয়ে গিয়েছিল চোরেরা।

তিনি বলেন, “শুধু আমার বাসাতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। একসময় পশ্চিম আলীপুর অত্যন্ত শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম আলীপুর এলাকায় চোর চক্রের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। সেখানে বৈদ্যুতিক তার কাটার সময় ‘স্বপন’ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন বলেও দাবি স্থানীয়দের।

একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু পুলিশি তৎপরতা বাড়ালেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। চুরি প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল জোরদারের পাশাপাশি মাদকসেবী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও দাবি জানিয়েছেন তারা।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে শহরের শ্রীঅঙ্গন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আকতার টুটুল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুকেশ সাহা ও অসীম কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ কুমার রায়।
বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে শ্রীঅঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীঅঙ্গনে এসে শেষ হয়। এতে ফরিদপুর শহর ও বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহাসহ প্রহ্লাদ, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

তানভীর নাহিদ, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন তাজ, সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান রনি, এস.এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস.এম মনিরুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ।
মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ফরিদপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্যকালে সাংবাদিকরা সংসদ সদস্যকে জানান, ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছালে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।