বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে ১৭ মামলার আসামি ‘চোর মিজান’ গ্রেপ্তার

জাকির হোসেন ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
ফরিদপুরে ১৭ মামলার আসামি ‘চোর মিজান’ গ্রেপ্তার
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৭টি মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘চোর মিজান’ নামে পরিচিত।
গ্রেপ্তার মিজানুর রহমান সালথা উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময়ের মধ্যে মাঝেমধ্যে গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। তাঁকে গ্রেপ্তারের জন্য এর আগেও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে কৌশলে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন তিনি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

আজ বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
আত্মস্বাবলম্বী করতে খাজা নেসবতের অস্বচ্ছলদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও মূলধন বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান তিন শতাধিক মানুষকে এই অনুদান প্রদান করেন। ছাদকায় জারিয়া হিসেবে অস্বচ্ছলদের কর্মসংস্থান সৃষ্টিতে একক আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে ফাউন্ডেশন থেকে জানা যায়।
একই অনুষ্ঠানে দরবার শরীফের প্রতিষ্ঠাতা জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্সবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে তাঁর একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরছ শরীফের তারিখ ২০২৭ সালের ১৩ জানুয়ারী রোজ বুধবার ঘোষণা করেন। ওরছ পাকের প্রস্তুতি উপলক্ষ্যে আগেরদিন মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ওয়াজ নসিহতের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্তরা দরবার শরীফে সমবেত হতে থাকেন। বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের সুখ-শান্তি ও মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আহমেদ জ্যাক /তানভীর নাহিদ/খান সাঈম প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদ্দারেস আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ শহরের কমলাপুর তেতুলতলা থেকে কয়েকশো নেতাকর্মীর বিশাল এক মিছিল নিয়ে মূল সমাবেশে যোগ দেন।

ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি কলেজের শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ওবায়দুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আজমল হোসেনসহ কলেজের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষকরা।
উল্লেখ্য, অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ এর আগে ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।