ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়
শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি কৈজুরী, মাচ্চর, কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ ছাড়া ফরিদপুর পৌর এলাকার বদরপুর, পুরাতন বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুবদল নেতা রুবেল হোসেন দুলালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





