সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার জব্দের পাশাপাশি নিয়ম অমান্য করায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।
অভিযানে যা জব্দ করা হয়েছে
সারাদিনব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে নদী থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
এসময় জব্দকৃত ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ভষ্মিভুত করা হয় এবং ৫ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সাজা
অভিযান শেষে সোমবার রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. রুবেল হোসেন (পিতা: মজিবর শিকদার, গ্রাম: চর বলাশিয়া, ইউনিয়ন: ঢেউখালী) ২. হিরণ কাড়াল (পিতা: দবির কাড়াল, গ্রাম: কাড়াল কান্দি, ইউনিয়ন: চর নাসিরপুর) ৩. কুদ্দুস খলিফা (পিতা: কাশেম খলিফা, গ্রাম: হালিম হাওলাদার কান্দি, ইউনিয়ন: চর নাসিরপুর)
অভিযানে উপস্থিত ব্যক্তিবর্গ
যৌথ এই অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।
প্রশাসনের কঠোর বার্তা
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষার মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





