অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা হচ্ছে: হেলেন জেরিন খান
ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরও আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শারদীয় শুভেচ্ছা হিসেবে শাড়ি বিতরণ করেন।
পূজার অনুদান বাড়ানোর বিষয়ে হেলেন জেরিন খান বলেন, প্রধানমন্ত্রী এবার দুর্গাপূজাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আগে সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার এর সঙ্গে আরও ১ কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ ৫ কোটি টাকা করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন টিম গঠন করে পূজামণ্ডপগুলোতে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যেসব মন্দিরে এখনো সরকারি অনুদান পৌঁছায়নি, সেসব মন্দিরেও বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হেলেন জেরিন খান বলেন, “বিএনপির নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা হিন্দু-মুসলিম ভাই-ভাই হিসেবে এক পরিবার হয়ে বসবাস করতে চাই। বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন এবং সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”
একই সময়ে আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে নিজের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






