বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

চরভদ্রাসনে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল প্রতিটি মণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

লিয়াকত আলী চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
চরভদ্রাসনে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল  প্রতিটি মণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে একটি করে শাড়ি ও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহবায়ক ওহিদুজ্জামান মোল্লা,বাজার বণিক সমিতি সভাপতি আলমগীর মোল্লা , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস ভিপ বাদশা , ফারুক হোসেন মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি শহিদুল ইসলাম বাবুল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। প্রতিটি পুজা মন্ডুপে তিনি নগদ ১০ হাজার টাকা ও ২টি শাড়ী সহ ১৫টি পুজা মন্ডুপে তিনি নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ী তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, চরভদ্রাসন উপজেলায় এ বছর মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং দলীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের মতে, উৎসবের সময় সংসদ সদস্যের সরেজমিনে পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে চরভদ্রাসনে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি কৈজুরী, মাচ্চর, কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ ছাড়া ফরিদপুর পৌর এলাকার বদরপুর, পুরাতন বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুবদল নেতা রুবেল হোসেন দুলালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

মধুখালী প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

‘সম্প্রীতির বন্ধনে, উৎসবের আনন্দে, মানবিকতার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্দে সবার পাশে দাঁড়ানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
এ বিষয়ে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আজাদ মাহবুব বিপ্লব বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এটিকে আমরা কোনো দান বা অনুগ্রহ হিসেবে দেখছি না; বরং আপনাদের আনন্দের সঙ্গে নিজেদের সামিল করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি ছোট্ট প্রয়াস হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেবর্ষী বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. শহীদুল বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রাম প্রসাদ, প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন ও সদস্য টিটো সরকার।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে নিহত যুবকের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।