ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সমাজসেবা অধিদপ্তর ফরিদপুরের ইউসিডি অফিসার কে.এম. সুজাউদ্দিন রাশেদের সঞ্চালনায় এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুর রহমান, ফরিদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কাউছার উদ্দিন, দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস সহ বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল লক্ষ্য দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সাদাছড়ির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার, মর্যাদা ও স্বনির্ভরতা প্রতিষ্ঠায় সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী দুইজন শিক্ষার্থীকে ব্যাগ ও চারজন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি দেওয়া হয়।





