সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

নগরকান্দায় ছাত্র ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ

তালুকদার একে আজাদ ,নগরকান্দা (ফরিদপুর )প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
নগরকান্দায় ছাত্র ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে উদয়ন আদর্শ উচ্চবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (পোশাক) ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৫ অক্টোবর( বৃহস্পতিবার) সকালে নগরকান্দার উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গোর উপস্থিতিতে ষষ্ঠ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের মধ্যে এই পোশাক ও সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মনা আলম
এর ব্যক্তিগত অর্থায়নে এবং ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস (পোশাক) তুলে দেওয়া হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের
প্রধান শিক্ষক এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, এ সময় আরো উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ অফিসার মিজানুর রহমান মিজান, ফেরদাউস, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্যে মনা আলম বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে কোনো শিশুই শিক্ষা থেকে বঞ্চিত হবে না। নতুন পোশাক পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে,সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ড্রেসের অভাবে বা আর্থিক সংকটের কারণে যেন কোনো শিশুর বিদ্যালয়ে আসা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি শেষ হয় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে।
অভিভাবকেরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বাজারের মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সার ও কীটনাশকের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি রাইস মিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয়রা সম্মিলিতভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সালথা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, স্থানীয়দের মাধ্যমে ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জাকির হোসেন ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে চাঁদনী আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার রাঙ্গাদিয়া গ্রামের সুমন সরদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন চাঁদনী আক্তার। পরে তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত থাকা জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এই উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্তমান বিএনপি সরকারের সময়ে সাংবাদিকদের কোনো বাধা-বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদ উপস্থাপনা করতে পারছেন।” ফরিদপুরের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ফরিদপুরে আপনারা সকলেই স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছেন এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার বিগত দিনগুলোর সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সমাজের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্ভীক ও অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ একসঙ্গে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।