সরকারকে ঝামেলায় ফেলতেই নাশকতা ও ষড়যন্ত্র করছে পতিত দোসররা: রিজভী

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে নানা অপতৎপরতা চালাচ্ছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবাইকে একবার ভেবে দেখতে হবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি তাঁর চিকিৎসা সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ বিএনপিও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





