সালথায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার উৎসব, দর্শকদের উপচে পড়া ভিড়

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার এক জমকালো উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা তিনটায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজের সভাপতিত্বে তাঁর নিজ বাড়ির পুকুরে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল পানিতে হ্যান্ডবল, সাঁতার, পানিতে হাঁস ধরা এবং কলা গাছ বেয়ে ওঠা।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই আনন্দঘন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারও তুলে দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, ফরিদপুরের সুপরিচিত কণ্ঠশিল্পী মোঃ রূপন হোসেন, আটঘর ইউনিয়নের বিভাগদী ৭ নং ওয়ার্ডের মেম্বার মাসুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমির হোসেন মৃধা, প্রবীণ মুরব্বি শহীদ সরদার এবং ছাত্রনেতা মোহাম্মদ ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরো অনুষ্ঠানটি চমৎকার কণ্ঠে ধারাভাষ্য প্রদান করেন দৈনিক ফতেহাবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার তানভীর রহমান নাহিদ।
দীর্ঘদিন পর এমন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দেখতে পুকুরপাড়ে আশপাশের কয়েক গ্রামের নানা বয়সী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হারিয়ে যাওয়া এই খেলাগুলো নতুন করে উপভোগ করতে পেরে উপস্থিত সকলেই অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান তরুণ সমাজ যেখানে ভয়াবহ মাদকের থাবায় বিপথগামী হচ্ছে এবং কিশোরেরা অনলাইন ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, সেখানে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” বক্তারা আরও জোর দিয়ে বলেন, তরুণ ও কিশোর-কিশোরীদের যদি নিয়মিত খেলাধুলায় এভাবে উৎসাহিত করা যায়, তবেই কেবল মাদকমুক্ত ও ডিভাইস আসক্তিহীন সমাজ গড়া সম্ভব। আমাদের সবার উচিত নিজেদের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে নিয়মিত এমন খেলার আয়োজন করা।





