ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাট শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩) -এর ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি।
সোমবার ( ১২ অক্টোবর) বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের পরিচালক মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদি প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি।
এ সময় উপস্থিত ছিলেন মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মোল্লা, চর মাধবদিয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, আলাউদ্দিন মৃধা, হারুন মোল্লা, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. ফরহাদ মিয়া, আল আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এসএ আনোয়ার হোসেন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, সাবেক ফুটবলার জামান কাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম আঙ্কারা চর মাধবদিয়া একাদশ ও সুলতানপুর ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-০ গোলের ব্যবধানে সুলতানপুর ফুটবল একাডেমিকে হারিয়ে জয় তুলে নেয় টিম আঙ্কারা চর মাধবদিয়া একাদশ।
পরে ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা আশা করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় ফুটবলের প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।





