সদরপুরের বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায়
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও বিদায়ী শিক্ষক সমীর কুমার স্যারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ও সফল শিক্ষকতা জীবন শেষে প্রিয় শিক্ষককে সর্বোচ্চ সম্মান জানিয়ে সুসজ্জিত গাড়িবহরে করে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক সমীর কুমারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষভাবে ২০০১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে কৃতজ্ঞতাস্বরূপ সম্মাননা ও স্মারক প্রদান করেন।
বিদায়ের শেষ মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনুষ্ঠানিকতা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা সমীর কুমার স্যারকে যথাযথ সম্মান জানিয়ে সুসজ্জিত গাড়িবহরে করে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেন।
প্রিয় শিক্ষকের প্রতি এমন ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায় আয়োজন এলাকায় প্রশংসা কুড়িয়েছে।





