সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

চরভদ্রাসনে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ

চরভদ্রাসন প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
চরভদ্রাসনে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, এ বছর চরভদ্রাসন উপজেলায় মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের জন্য জরুরি মোবাইল নম্বরগুলো পূজামণ্ডপের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, চরভদ্রাসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পূজামণ্ডপে ধর্মীয় রীতি-নীতি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ডিজে গান, অশ্লীল নৃত্য, মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। কোনো মণ্ডপে মাদক সেবন, বিক্রি কিংবা ধর্মীয় আয়োজনের সঙ্গে অসংগতিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থী ও গুরুত্বপূর্ণ বিষয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য তথ্য খাতা রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বাজারের মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সার ও কীটনাশকের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি রাইস মিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয়রা সম্মিলিতভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সালথা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, স্থানীয়দের মাধ্যমে ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জাকির হোসেন ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে চাঁদনী আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার রাঙ্গাদিয়া গ্রামের সুমন সরদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন চাঁদনী আক্তার। পরে তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত থাকা জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এই উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্তমান বিএনপি সরকারের সময়ে সাংবাদিকদের কোনো বাধা-বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদ উপস্থাপনা করতে পারছেন।” ফরিদপুরের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ফরিদপুরে আপনারা সকলেই স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছেন এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার বিগত দিনগুলোর সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সমাজের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্ভীক ও অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ একসঙ্গে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।