ঢাকায় আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত
‘সুস্থ পা, সচল জীবন—পায়ের যত্নে পোডিয়াট্রি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির আয়োজনে র্যালি ও সেমিনারের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এতে পায়ের রোগ প্রতিরোধ, ডায়াবেটিক ফুটের জটিলতা মোকাবিলা এবং অঙ্গহানি প্রতিরোধে পোডিয়াট্রিক সেবার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এক এম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ, পোডিয়াট্রি অধ্যাপক ডা. অঞ্জন দেব এবং অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির সভাপতি অধ্যাপক শেখ নূরুল আলম। বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানুষের দৈনন্দিন চলাফেরা, কর্মক্ষমতা ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পায়ের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পায়ের ছোট সমস্যা সময়মতো চিকিৎসা না হলে তা বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের সামান্য ক্ষত থেকেও গুরুতর সংক্রমণ ও অঙ্গহানির আশঙ্কা থাকে।
তারা আরও বলেন, নিয়মিত পা পরীক্ষা, সঠিক মাপের জুতা ব্যবহার, পায়ের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোনো ক্ষত বা পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অঙ্গহানি প্রতিরোধে ঝুঁকি শনাক্ত করে সময়মতো চিকিৎসা শুরু করাই সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠান শেষে পায়ের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।





