আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা অফিসার ইনচার্জ সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক (রিপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





