সদরপুরে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের ৯ম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’—এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ৯ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার কারীরহাটে অবস্থিত ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ ২০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের ব্লাড ও ডোনার বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ এবং আশার আলো মানব কল্যাণ সংগঠনের শাকিল খান।
জানা যায়, সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, পরিচালক জহুরুল ইসলাম ও উপদেষ্টা সুমন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদান ও মানবিক কাজে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে আটটি ব্লাড ক্যাম্পিং করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৯ম ক্যাম্পিং অনুষ্ঠিত হলো। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছে এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে প্রস্তুত হতে পারবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানি বলেন, মানুষকে রক্তদানে সচেতন করাই তাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যাতে কোনো প্রাণ ঝরে না যায়, সেজন্য ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, কর্মসূচি সফল করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা সহযোগিতা করেছেন। ভবিষ্যতে ফরিদপুর জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, মানুষের সেবা করা সর্বোত্তম ইবাদত। শিক্ষার্থীদের জন্য জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করবে।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রোগীদের বিনামূল্যে রক্তদান, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা, পথচারীদের মাঝে খাবার ও তীব্র গরমে শরবত বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় সংগঠনের সাবেক সহ-সভাপতি হাবিবুর বাহার, সদস্য আসাদুজ্জামান, লিমন আহমেদ, আব্দুল আহাদ, এস এম সালমান, তানভির শেখ, সিয়াম, সোহান রহমানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।






