শপথ গ্রহণের মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
নতুন স্বপ্ন, প্রত্যাশা ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ ক্যাম্পাস। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ মাঠে নির্মিত প্যান্ডেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. এনামুল হক।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী আহম্মেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান জনি ও ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দ আমিনুল হক।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদার, সহ-সভাপতি শাহীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. হাসান সরদার। এ সময় উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, মো. তুষার মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের পক্ষ থেকে তাদের হাতে প্রসপেক্টাসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের শপথ গ্রহণ। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. এনামুল হকের উপস্থিতিতে শিক্ষার্থীরা প্রসপেক্টাসের শেষ পৃষ্ঠায় মুদ্রিত শপথ বাক্য পাঠ করেন। এর মাধ্যমে শিক্ষাজীবনের শুরুতেই শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে পুরো কলেজ ক্যাম্পাস পরিণত হয় আনন্দের মিলনমেলায়। নবীনদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তাদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়েরও আনুষ্ঠানিক সূচনা হয়।






