ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও এনজিওসমূহের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফাতেহাবাদের সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম.এ সামাদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. এম.এ জলিল, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুরের প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তর ফরিদপুরের ইউসিডি অফিসার কে.এম. সুজাউদ্দিন রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং দীর্ঘায়ু মানুষের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে ১০৭ বছর বয়সী প্রবীণ মোহাম্মদ গৈজদ্দিন মুন্সিকে বাংলাদেশ প্রবীণ হিতষি সংঘ ফরিদপুর জেলা শাখা ও দৈনিক ফতেহাবাদের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।





