ফরিদপুরে দুৰ্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরের সঞ্চালনায় বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপুসহ অনেকেই বক্তব্য রাখেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা, পুলিশি টহল জোরদার, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জন ঘাটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় সম্প্রতি ফরিদপুর পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





