নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড প্রদান
ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লিয়াকত মৃধা নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিথার বিলে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
দণ্ডপ্রাপ্ত লিয়াকত মৃধা রাজবাড়ী জেলা সদর উপজেলার আলীপুর গ্রামের কাঁচাই মৃধার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র উপজেলার সলিথার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে ফসলি জমি ও আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের হাতেনাতে লিয়াকত মৃধাকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, “অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”





