সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুমে টানা কয়েক মাস মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় ছয় মাস মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা তো দূরের কথা, বিদ্যালয়ে স্বাভাবিক চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
এমন চিত্র ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নম্বর চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে পানি দীর্ঘদিন জমে থাকায় মাঠটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু মাঠ দীর্ঘ সময় পানির নিচে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। অসতর্কতার কারণে কোনো শিক্ষার্থী পানিতে পড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। একই সঙ্গে মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করা প্রয়োজন।
তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি মাঠ সংস্কার করা হলে শিক্ষার্থীরা নিরাপদে চলাচল ও খেলাধুলা করতে পারবে। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশও আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে।
কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
এখন দেখার বিষয়, চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর উদ্যোগ নেয়।





