আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ আটক, ৯ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি ঘোষ নামে এক ব্যক্তিকে ৯ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া গ্রামে রবি ঘোষের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব উপস্থিত ছিলেন।
অভিযানকালে রবি ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাসিবুল হাসান হাসিব বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”
পরে রবি ঘোষকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রবি ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নওয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।





