সুস্থ থাকতে হার্টের যত্ন নেওয়ার আহ্বানে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালন
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুস্থ থাকতে হার্টের যত্ন নেওয়ার আহ্বানে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হার্ট ফাউন্ডেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর হালদার, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এবিএম সাত্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগ থেকে সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং শরীরের প্রতি যত্নশীল হওয়া জরুরি। পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখতে সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।





