ফরিদপুরে উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন

ফরিদপুরে ‘উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থা’র নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলি অনাথের মোড় এলাকার তামান্না গার্ডেনে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি পাপড়ী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা মহিলা দলের সভাপতি নাজনিন রহমান, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, ফরিদপুর জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. সাকি খান, সংস্থার সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক তিহানুর রহমান তিহান, সহ-সভাপতি তাসলিমা আক্তার, অর্থ সম্পাদক উম্মে হাবিবা মৌ, কার্যনির্বাহী সদস্য তানিয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।
অনুষ্ঠানে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ। পরে তিনি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।





