কাদিরদী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন
উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের কাদিরদী কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ক্যাম্পাস সাজানো হয় রঙিন ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।
ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং ইংরেজি শিক্ষক সমীত জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ রঞ্জন কুমার ব্যানার্জি, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. মাহবুবুল হক ও সৈয়দ শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. জাকির হোসেন মোল্লা ও মো. আবুল কালাম আজাদসহ শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা বলেন, শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও সফট স্কিল উন্নয়নে মনোযোগী হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





