চরমাধবদিয়ায় বীর মুক্তযোদ্ধা সিরাজুল ইসলাম -কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

ফরিদপুর সদর উপজেলার ২নং চর মাধবদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (সিরাজ মেম্বার) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফরিদপুর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ ইলাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদার, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল ও গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতায় মরহুমের বড় ছেলে শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা মরহুম সিরাজুল ইসলামের কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রথম জানাজায় ইমামতি করেন মাওলানা মো. রইস উদ্দিন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় বাদ আছর বিশ্ব জাকের মঞ্জিলে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন রাত ১০টার দিকে নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক ফতেহাবাদের নির্বাহী সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—আমিন।





