ভাঙ্গা টোল প্লাজা এলাকায় গাড়িতে মিলল ১২০ বোতল ফেনসিডিল, আটক ৩
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল (স্কার্ফ সিরাপ) উদ্ধার করেছে এস আর বি (SRB)। এ সময় একটি গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বগাইল টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—শিউলি বেগম (৪৮), ডলি বেগম (৫০) ও তাহমিনা (১২)। শিউলি বেগম পেঁয়াজখালী গ্রামের আমির হোসেনের স্ত্রী এবং ডলি বেগম একই গ্রামের মৃত আশরাফ হোসেনের মেয়ে বলে জানা গেছে।
এস আর বি (SRB) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১২০ বোতল ফেনসিডিল (স্কার্ফ সিরাপ) উদ্ধার করা হয় এবং শিশুসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এস আর বি (SRB) সূত্রে জানা গেছে।





