সদরপুরে ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মোসা. মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মীম আক্তার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মীমের মা শিল্পী আক্তার ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। রোববার সকালে মেয়েকে বাসায় একা রেখে কাজে যান তিনি। দুপুরে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।





