ফরিদপুরে আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি তদারকিতে ১৫ সদস্যে উপজেলা কমিটি গঠন
‘ফ্যামিলি কার্ড’ স্মার্ট নির্দেশিকা ২০২৬ অনুযায়ী কার্যক্রম তদারকি ও পরিচালনার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ আগস্ট ২০২৬ উপজেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ. কে. এম রায়হানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ. কে. এম রায়হানুর রহমানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন—সহকারী কমিশনার (ভূমি) আলফাডাঙ্গা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার মনোনীত প্রতিনিধি, অফিসার ইনচার্জ (আলফাডাঙ্গা থানা), উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি হিসেবে কমিটিতে সদস্য করা হয়েছে আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক (রিপন), সাধারন সম্পাদক হাসিবুল হাসান হাসিব, এবং শাহিনা আক্তার বারি।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আলফাডাঙ্গা, ফরিদপুর।অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গঠিত কমিটি ‘ফ্যামিলি কার্ড স্মার্ট নির্দেশিকা ২০২৬’ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি কমিটি নিয়মিত ইউনিয়ন কমিটির কার্যক্রম তদারকি করবে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন এবং ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম তদারকির উদ্দেশ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।





