কুমার নদে ফিরছে বৈঠার ছন্দ: এমপি বাবুলের উদ্যোগে ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ১৮ সেপ্টেম্বর
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আবারও ফিরতে যাচ্ছে কুমার নদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১৮ই সেপ্টেম্বর (বুধবার) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের বিশেষ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। ২০১৮ সালের পর থেকে বন্ধ থাকা এই ঐতিহ্যবাহী উৎসবটি পুনরায় চালু হওয়ার খবরে স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে কুমার নদের নৌকা বাইচ ছিল পুরো অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে জমে উঠত হাজারো মানুষের ঢল। উৎসবমুখর পরিবেশে মাঝিদের ছন্দময় বৈঠার টানে নদীর বুকে ছুটে চলত প্রতিযোগিতার রঙ-বেরঙের নৌকা। তবে নানা কারণে ২০১৮ সালের পর থেকে কুমার নদে আর এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। পূজা উপলক্ষে নদীর পাড়ে মেলা বসলেও, মাঝিদের সেই চেনা সুর আর উৎসবের মূল উত্তেজনা থেকে বঞ্চিত ছিলেন এলাকাবাসী।
দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী এই লোকজ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এবার এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তাঁর এই যুগোপযোগী পদক্ষেপের কারণে দীর্ঘ প্রায় আট বছর পর কুমার নদে আবারও প্রতিধ্বনিত হতে যাচ্ছে বৈঠার ছন্দ।
নৌকা বাইচকে ঘিরে ভাঙ্গায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় প্রবীণ ও সংস্কৃতিকর্মীরা জানান, ঐতিহ্যবাহী এই আয়োজন পুনরায় চালু হলে ভাঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। একই সাথে নতুন প্রজন্মের কাছেও গ্রামীণ বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরার দারুণ এক সুযোগ তৈরি হবে।
কুমার নদের বুকে আবারও মাঝিদের ‘হেঁইও রে হেঁইও’ শ্লোগান আর কাঁসার ঘণ্টা শোনার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন ভাঙ্গা তথা ফরিদপুরবাসী।





