ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফরিদপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস.এম. আব্দুল হালিম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক বিষ্ণু পদ ঘোষালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধন শেষে প্রতিযোগিতার প্রথম খেলায় কাবাডিতে মুখোমুখি হয় ফরিদপুর সদর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা। খেলায় ৪২-১৩ পয়েন্টের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলা জয়লাভ করে।





