টাইব্রেকারে রথখোলাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাকিব এন্টারপ্রাইজ
ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘রাজিব স্মৃতি চায়না বার নাইট ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টের চূড়ান্ত আসরে রথখোলা একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাকিব এন্টারপ্রাইজ।
১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের কমলাপুর বালির মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রাকিব এন্টারপ্রাইজ। রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় রথখোলা একাদশকে।
কমলাপুর যুব কল্যাণ সমিতির আয়োজনে নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নেয়। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
ফাইনাল খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় যুবসমাজ এবং খুদে খেলোয়াড়দের খেলাধুলায় আরও আগ্রহী করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং সুস্থ-সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজনের সুযোগ সৃষ্টির ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
পুরো টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন কমলাপুর যুব কল্যাণ সংস্থা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি লিখন মন্ডল এবং সাধারণ সম্পাদক সজীব শিকদার, মিনার বিশ্বাস, রেজাউল করিম রাব্বি , মোঃ আলিমুন, এস এম মমিন রনি, আরিফুজ্জামান রাফিদ ও তানভীর আহমেদ।
অনুষ্ঠানটির চমৎকার সঞ্চালনা করেন আমিন খান এবং মাঠ মাতানো ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ দেন এস এম উজ্জ্বল। ফাইনাল খেলাটি দেখতে স্থানীয় হাজারো ফুটবলপ্রেমী মাঠে ভিড় জমান।





