কৃষ্ণপুরে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ৩-২ গোলে চ্যাম্পিয়ন সদরপুর স্পোর্টস একাডেমি
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা এস.এম. কামরুজ্জামান মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
এ সময় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল-মামুন শাহ্, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস, সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম (হিরু), সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির, সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান বুলবুল, ইউপি সদস্য নজরুল ইসলাম নুরু, কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুন্সি আতিকুর রহমান টিটুসহ ক্লাবের সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সদরপুর স্পোর্টস একাডেমি ও নগরকান্দা ফুটবল একাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ৩-২ গোলের ব্যবধানে নগরকান্দা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদরপুর স্পোর্টস একাডেমি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকসহ রেফারি এবং ধারাভাষ্যকারদের কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।






