বজ্রপাত থেকে রক্ষায় সাত বছর ধরে তালের বীজ বপন করছেন শিক্ষক নুরুল ইসলাম
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষার লক্ষ্যে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে গত সাত বছর ধরে তালের বীজ বপন করে চলেছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি জুবলি ট্যাংক পুকুরপাড়, ফরিদপুর জেলা স্কুল চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার তালের বীজ বপন করেন তিনি।
শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুধু তালগাছ নয়, প্রতিবছর শহরের বিভিন্ন স্থানে সুপারি, খেজুর, বটসহ নানা ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের বীজ ও চারা রোপণ করছেন তিনি।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
আগামী দিনেও ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ ও বীজ বপনের এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক মো. নুরুল ইসলাম।





