ফরিদপুরে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে মানববন্ধন
গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান এবং বন্ধ মিল-কারখানা দ্রুত চালুর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শহরের জনতার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের ওপর। অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন।
তারা আরও বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
মানববন্ধন থেকে শিল্পখাত সচল রাখা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।





