শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মুনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দলীয় আদর্শ স্মরণ করছেন।
বিএনপির প্রতিষ্ঠার পেছনে স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় উন্নয়নকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়। দলের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলটির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এ আলোচনা সভায় অংশ নেবেন বলে জানিয়েছে বিএনপি।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গ্রহণ করেছে দলটি। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী এ্যানি।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির জেলা, মহানগর এবং বিভিন্ন ইউনিটও নিজেদের সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন দেশের রাজনীতিতে দলটির ভূমিকা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে শহরের শ্রীঅঙ্গন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আকতার টুটুল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুকেশ সাহা ও অসীম কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ কুমার রায়।
বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে শ্রীঅঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীঅঙ্গনে এসে শেষ হয়। এতে ফরিদপুর শহর ও বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহাসহ প্রহ্লাদ, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

তানভীর নাহিদ, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন তাজ, সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান রনি, এস.এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস.এম মনিরুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ।
মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ফরিদপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্যকালে সাংবাদিকরা সংসদ সদস্যকে জানান, ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছালে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।