বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ – হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

দৈনিক ফতেহাবাদ রিপোট : প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ – হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও ফরিদপুর, রাজবাড়ী এরং গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম কমিটির সমন্বয়ক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর কে নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ।
আজ (সোমবার, ৩১ আগষ্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বৃহত্তর জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরিদপুর জেলা, এটি একটি প্রাচীন জেলা, যাকে বলা হয় মা, যার থেকে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জন্ম হয়েছে। আজ ফরিদপুর শহরের ভেতর দিয়ে আসার সময় দেখলাম মায়ের ভগ্ন দশা, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এখানে ঢুকে মনে হলো আমি ৫০ বছর আগের একটি শহরে প্রবেশ করেছি। আমরা ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর কে নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুরকে উন্নয়নের মডেল বিভাগ হিসেবে গড়ে তুলবো।
জাতীয় সংসদের হুইপ বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ৭১ এর পরে যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন ছিলো, রাজ কোষাগার শূন্য ছিলো, আইনশৃঙ্খলা বলতে লজিস্টিক কোনো সার্পোট ছিলোনা, দেশের সামাজিক অবস্থা বিচ্ছিন্ন হয়েছিল, ঠিক একইরূপে ২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতি তার থেকে আরো খারাপ অবস্থায়। আমরা শূন্যও নয়, মাইনাস অর্থনীতির মধ্যে দাড়িয়ে আছি। বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ঋণগ্রস্ত। ৭১ পরবর্তী সময়ে দেশবাসী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিলেন ঠিক এমনি ভাবে ল ২৪ পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জনাব তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন। এই মাইনাস অর্থনীতি নিয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে
সভায় আরও বক্তব্য দেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম, ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লাসহ রাজবাড়ী ও গোপালগঞ্জের সাংসদেরা। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গি, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ জেলার ও নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের গুহলক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা
অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ৫ দিনের এবং অপর দুজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাসেল কবীর

মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজের আঙ্গিনাকে ফুলের সুবাস ও সৌন্দর্যে মুখরিত করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক সাবেরা খানের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই মূলত এই ভিন্নধর্মী উদ্যোগ।
কর্মসূচি চলাকালে অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আবু রাহাত খান (সিরাজ) উপস্থিত থেকে ফুলের চারা রোপণ করে এই কল্যাণকর কাজের শুভ সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেন প্রভাষক সাবেরা খান।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চমৎকার এই উদ্যোগের ফলে কলেজের পরিবেশ যেমন মনোরম হবে, তেমনি শিক্ষার্থীরাও প্রকৃতির প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চরভদ্রাসন প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু বিদ্যালয় নয়, পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
তারা আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।