বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বৈঠার ছন্দে মুখর আষাঢ়ের বিল, সালথায় নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

সালথা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বৈঠার ছন্দে মুখর আষাঢ়ের বিল, সালথায় নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠেছিল ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামের আষাঢ়ের বিল। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে বসেছিল প্রাণবন্ত গ্রামীণ মেলা। নৌকা বাইচ ও মেলার আনন্দে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বিলের দুই পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রতিযোগিতা শুরু হলে মাঝিদের ছন্দময় বৈঠার টানে দ্রুতগতিতে ছুটে চলে নৌকা। সঙ্গে মাঝিদের উদ্দীপনাময় স্লোগান ও হই-হুল্লোড়ে তৈরি হয় উৎসবের আবহ। প্রতিটি নৌকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি, উল্লাস ও আনন্দধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বিলের দুই পাড়।
নৌকা বাইচকে ঘিরে বিলের পাড়ে বসা গ্রামীণ মেলাতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্য, বাহারি খাবার, খেলনা ও ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। শিশুদের বিনোদনের জন্যও ছিল নানা আয়োজন। ফলে নৌকা বাইচের পাশাপাশি মেলাকে ঘিরেও তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী আয়োজন দিন দিন হারিয়ে যেতে বসেছে। এ ধরনের নৌকা বাইচ আয়োজন শুধু মানুষের বিনোদনের খোরাকই জোগায় না, বরং গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
নৌকা বাইচ শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের গুহলক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা
অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ৫ দিনের এবং অপর দুজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাসেল কবীর

মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজের আঙ্গিনাকে ফুলের সুবাস ও সৌন্দর্যে মুখরিত করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক সাবেরা খানের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই মূলত এই ভিন্নধর্মী উদ্যোগ।
কর্মসূচি চলাকালে অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আবু রাহাত খান (সিরাজ) উপস্থিত থেকে ফুলের চারা রোপণ করে এই কল্যাণকর কাজের শুভ সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেন প্রভাষক সাবেরা খান।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চমৎকার এই উদ্যোগের ফলে কলেজের পরিবেশ যেমন মনোরম হবে, তেমনি শিক্ষার্থীরাও প্রকৃতির প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চরভদ্রাসন প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশে চান প্রশাসন, মাদক-বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু বিদ্যালয় নয়, পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
তারা আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।