হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন তিন গুণিজন
বাংলা সাহিত্যের দিগন্তে এক অপরূপ মেরুজ্যোতি কবি হুমায়ুন কবিরের স্মরণে আয়োজিত ‘হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপমহাদেশীয় শিক্ষা সংস্কারের অন্যতম পথিকৃৎ হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার-২০২৬-এ তিনজন বিশিষ্ট সাহিত্যিক ড. মোহাম্মদ হাননান (গবেষণা), কিযী তাহনিন (কথাসাহিত্য) ও আজাদুর রহমান (কবিতা) -কে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুদ্ধ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বহুমাত্রিক লেখক ও অনুবাদক ড. আন্দালিব রাশদী।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এর সভাপতিত্বে এ সময় কথাসাহিত্যিক ও জীবনানন্দ গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, কথাসাহিত্যিক ও সাংবাদিক ড. মোহাম্মদ আলী খান, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন সহ সাহিত্যপ্রেমী, লেখক, কবি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।

মৃধা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পুরস্কার প্রাপ্ত তিনজনের উপর নির্মিত তথ্যচিত্র তুলে ধরা হয়। পরে পুরস্কার প্রাপ্ত তিনজনকে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় পুরস্কার প্রাপ্ত তিনজনই তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।








