ফরিদপুরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরি।
ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়ি ‘কামরাঙ্গা’য় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বৈদ্যুতিক তার, গ্যারেজের তার এবং দুটি স্প্লিট এসির ভেতরের তামার তার কেটে নিয়ে গেছে।
ঘটনার পর এলাকায় চুরির উপদ্রব ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফজলুর রহমান বাবু। তিনি জানান, পেশাগত কারণে ঢাকায় থাকলেও মাসে এক-দুবার ফরিদপুরের পৈতৃক বাড়িতে আসেন তিনি। গত সোমবার রাতে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে জানানো হয় এবং এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাড়িতে গিয়ে দেখা যায়, চোরেরা পুরো বাসার বৈদ্যুতিক লাইন ও গ্যারেজের তার কেটে নিয়ে গেছে। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। পরে ছাদে গিয়ে দেখা যায়, দুটি স্প্লিট এসির বিভিন্ন অংশ নষ্ট করে ভেতরের তামার তারও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ফজলুর রহমান বাবু বলেন, প্রায় ছয়-সাত মাস আগেও একইভাবে তাঁর বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। শুধু তাঁর বাড়ি নয়, আশপাশের অনেক বাড়ি থেকেও নিয়মিত এসি, বৈদ্যুতিক তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, একসময় পশ্চিম আলীপুর শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেখানে চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, চোর চক্রের তৎপরতা এলাকায় ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেখানে তার কাটার সময় ‘স্বপন’ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চুরি বন্ধে শুধু পুলিশি তৎপরতা নয়, মাদকসেবীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।







