সালথায় আফছার মাতুব্বর ও বশির মাতুব্বরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে সাম্প্রতিক সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি বশির মাতুব্বরকে দায়ী করে তাঁদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কাগদী বাজারে মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি বশির মাতুব্বরের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে। রাজনৈতিক আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা থেকেই এসব ঘটনা ঘটছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এ ছাড়া মানববন্ধন থেকে আফছার মাতুব্বর ও বশির উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।









