ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল উদ্বোধন
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ আগস্ট) এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে।







