শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, ১০ থেকে ১২টি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

জাকির হোসেন, সালথা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, ১০ থেকে ১২টি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের সালথায় উপজেলা ছাত্রদলের সহসভাপতির নেতৃত্বে কয়েকটি গ্রামের লোকজনের বিরুদ্ধে ১০ থেকে ১২টি বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সালথা উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেনের নেতৃত্বে মুরাটিয়া, সজনকান্দা ও জুগিকান্দা গ্রামের লোকজন ওই হামলায় অংশ নেন। এতে কয়েকটি বসতঘর ও একটি মুদি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কোনো কোনো ঘরে আগুন দেওয়ারও অভিযোগ করেছেন তাঁরা।
জুগিকান্দা গ্রামের বাসিন্দা ধলেনা বেগম অভিযোগ করে বলেন, ঘরের ভেতরে যা কিছু ছিল, সব ভেঙে চুরমার করে দিয়েছে। আমার মেয়েকে খাটের নিচ থেকে টেনে বের করে আনা হয়েছে। আমার স্বামী অনেক দিন ধরে গ্রামছাড়া। আমি একা থাকি। এখন রাতে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।
তিনি আরও বলেন, তাঁদের মুদি দোকান থেকেও টাকা-পয়সা ও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও তাঁদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তখন ভিডিও ধারণ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
আরেক ভুক্তভোগী রওসান মাতুব্বরের স্ত্রী সোখিনা বলেন, আগের একটি বিরোধের জেরে তাঁর স্বামী বাড়িতে থাকেন না। জাহিদ নামে একজন তাঁর স্বামীকে গালিগালাজ ও বাজারে গেলে দেখে নেওয়ার হুমকি দিতেন। স্বামীকে মারধরের আশঙ্কায় তাঁকে বাড়ির বাইরে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সোখিনা বলেন, মুরাটিয়া, সজনকান্দা ও জুগিকান্দা গ্রামের লোকজন এসে বাড়িঘরে ভাঙচুর করেছে। আমার স্বামীকে মারধর করা হয়েছে। ঘরে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে। আমার ছোট ছেলেকেও হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেনের সঙ্গে সাবেক স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি হিমায়েত হোসেন, জাহিদ, রফিক ও ইবাদতসহ কয়েকজন জড়িত ছিলেন।
ভুক্তভোগীদের দেওয়া তালিকা অনুযায়ী, বশির মাতুব্বরের দুটি, বাবলু মাতুব্বরের একটি, আবুল খায়েরের একটি, ইদ্রিস মাতুব্বরের একটি, মিজান মাতুব্বরের একটি, আজিজুল মাতুব্বরের একটি, রওসান মাতুব্বরের একটি এবং তুরাপ মাতুব্বরের একটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া মামুন মাতুব্বরের একটি ঘর ও একটি খড়ের গাদা ভাঙচুরের অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে সালথা উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেন বলেন, ওরা কালকে জামিন পেয়েছে। আমার একজন লোক খেলা দেখতে যাওয়ার পথে রওসানের বাড়ির সামনে জাহিদ তাঁকে মারধর করে। জাহিদ খবর দেওয়ার পর গ্রামের কিছু লোক এসে এই কাজ করেছে। ওই দলের নেতৃত্বে আমি আছি, এটা ঠিক। আমার নামটাই উঠবে, এটাই স্বাভাবিক।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে শহরের শ্রীঅঙ্গন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আকতার টুটুল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুকেশ সাহা ও অসীম কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ কুমার রায়।
বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে শ্রীঅঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীঅঙ্গনে এসে শেষ হয়। এতে ফরিদপুর শহর ও বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহাসহ প্রহ্লাদ, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

তানভীর নাহিদ, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন তাজ, সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান রনি, এস.এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস.এম মনিরুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ।
মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ফরিদপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্যকালে সাংবাদিকরা সংসদ সদস্যকে জানান, ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছালে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।