ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার এক মাস: এখনও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ১৭ জুলাই রহস্যজনকভাবে মৃত্যু হয় ফরিদপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের। এ ঘটনায় সদর উপজেলার চর মাধবদিয়ায় নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৩ জুলাই চরাঞ্চলবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
সেদিনের সেই প্রতিবাদ কর্মসূচি ফরিদপুরের ইতিহাসে নজির সৃষ্টি করলেও ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

ইউসুফ ফকিরের পরিবার ও স্থানীয়দের প্রশ্ন—আর কতদিন অপেক্ষা করতে হবে ন্যায়বিচারের জন্য? এক মাস পেরিয়ে গেলেও যদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে উদ্বেগ আরও বাড়বে।
এলাকাবাসীর দাবি, ইউসুফ ফকির হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নিহতের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে।








